• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

দীর্ঘদিন পর একসঙ্গে ন্যান্সি-ইমরান, ‘শিকার’ সিনেমায় আসছে নতুন রোমান্টিক গান


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর আবারও একসঙ্গে গান গাইলেন বাংলা গানের জনপ্রিয় দুই শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। তাদের নতুন দ্বৈত গানটি শোনা যাবে নির্মাণাধীন চলচ্চিত্র ‘শিকার’-এ। প্রেমের আবহে নির্মিত এই গানটির শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমরান মাহমুদুল। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। তার মতে, গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগবে এবং অনেক দিন পর একটি সুন্দর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে তিনি আনন্দিত।

ইমরান মাহমুদুলও ন্যান্সির প্রশংসা করে বলেন, বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী ন্যান্সির সঙ্গে প্রতিটি কাজই তার কাছে বিশেষ। তাই নতুন এই দ্বৈত গানটি নিয়েও তিনি বেশ আশাবাদী এবং বিশ্বাস করেন, গানটি শ্রোতাদের ভালোবাসা পাবে।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলারধর্মী এই সিনেমার শুটিং হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। খুব শিগগিরই শুটিংয়ের উদ্দেশ্যে দেশটিতে যাবেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ একাধিক শিল্পী।