আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে বিশ্বের কোটি কোটি দর্শক, তখন সেই উন্মাদনায় শামিল হয়েছেন দেশের শোবিজ তারকারাও। আর্জেন্টিনা ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক চিত্রনায়িকা পরীমণি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন একটি ব্যতিক্রমধর্মী ভিডিও, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপ শুরুর পর থেকেই আর্জেন্টিনাকে ঘিরে নিজের সমর্থন ও আবেগ বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী। দলের প্রথম ম্যাচে জয়ের পর ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছিলেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”
এবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত নতুন ভিডিওতে আকাশী-সাদা আর্জেন্টিনা জার্সিতে দেখা গেছে পরীমণিকে। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ লেখা, আর পেছনে ছিল ‘পরী’ নামটি। ভিডিওর পটভূমিতে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ গান বাজতে শোনা যায়।
ভিডিওতে গানের তালে তালে আর্জেন্টিনার বিভিন্ন ফুটবল তারকার পরিচিত উদযাপন ভঙ্গি ও সিগনেচার পোজ অনুকরণ করেন পরীমণি। মাঠের ফুটবল মুহূর্তের সঙ্গে তার এই অভিনব উপস্থাপনা দর্শকদের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এটি বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের এই ভিন্নধর্মী উদ্যোগের জন্য অনেকেই পরীমণির প্রশংসা করেছেন।
বিশ্বকাপকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনকে সৃজনশীলভাবে উপস্থাপন করে পরীমণি আবারও ভক্তদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।
আপনার মতামত লিখুন :