• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

নিজের বায়োপিকের মাধ্যমেই পর্দায় ফিরতে চান পপি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও আলোচিত নায়িকা ছিলেন পপি। দীর্ঘদিন ধরে অভিনয়জগত থেকে দূরে থাকায় তার ভক্তদের মনে প্রশ্ন ছিল, তিনি আবারও কি রুপালি পর্দায় ফিরবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

পপি জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা তার নেই। বর্তমানে তিনি স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে ঘিরেই নিজের সময় কাটাতে চান। তার মতে, সুখী পারিবারিক জীবনই এখন সবচেয়ে বড় প্রাপ্তি এবং সেটিকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে একটি বিশেষ ক্ষেত্রে অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার জীবন নিয়ে যদি সুন্দর ও মানসম্পন্ন একটি বায়োপিক নির্মিত হয়, তাহলে সেই প্রজেক্টে অভিনয় করতে আগ্রহী হবেন। জন্ম, শৈশব, শিক্ষাজীবন, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হলে সেই কাজের অংশ হতে চান তিনি।

পপির ভাষ্য অনুযায়ী, শুধু বায়োপিক নির্মাণ করলেই হবে না, সেটি হতে হবে ব্যতিক্রমধর্মী ও দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম। দেশ-বিদেশে থাকা তার অসংখ্য ভক্তের কথা বিবেচনা করে তিনি এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে চান, যা দীর্ঘদিন দর্শকদের মনে স্থান করে নেবে।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে পপি বলেন, একসময় মৌসুমী, শাবনূর এবং পূর্ণিমার মতো তারকারা যেমন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি তিনিও নিজের সময়ে দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই তার জীবনভিত্তিক কোনো নির্মাণ হলে সেটির মানের বিষয়ে তিনি আপসহীন থাকতে চান।

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। অভিনয়জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে শতাধিক সম্মাননা লাভ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও একটি ব্যতিক্রমী বায়োপিকই হতে পারে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ।