আনন্দ বিনোদন ডেস্ক: মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও শুরুতেই দর্শকদের একাংশের কাছ থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও কোথাও অসন্তোষ এতটাই তীব্র হয়েছে যে টিকিটের টাকা ফেরতের দাবিতে দর্শকদের স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একটি প্রেক্ষাগৃহে দর্শকদের বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একদল দর্শক টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। দর্শকদের একাংশ গল্প ও নির্মাণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ ভাইরাল ভিডিওটি শেয়ার করে সিনেমাটিকে নিয়ে কটাক্ষ করেছেন। সমালোচনার পাশাপাশি সিনেমাটির ভিজ্যুয়াল, নির্মাণশৈলী ও যশের পর্দা উপস্থিতির প্রশংসাও করেছেন অনেকে।
তবে দর্শকদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার বিপরীতে বক্স অফিসে ‘টক্সিক’ শুরু করেছে দুর্দান্তভাবে। শিল্পবিষয়ক ট্র্যাকার স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় হয়েছে প্রায় ১০১ কোটি ১০ লাখ রুপি। ভারতের গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১২০ কোটি ৭৫ লাখ রুপি, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৪০ কোটি রুপি।
প্রথম দিনের আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে হিন্দি সংস্করণ। হিন্দিতে সিনেমাটি প্রায় ৫৫ কোটি রুপি আয় করেছে। কন্নড় সংস্করণ থেকে এসেছে প্রায় ২৩ কোটি ৩০ লাখ, তেলেগু থেকে ১৬ কোটি, তামিল থেকে ৫ কোটি ৫০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ রুপি।
এই সাফল্যের ফলে প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি নেট আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘টক্সিক’। তবে মুক্তির দ্বিতীয় দিনে আয় উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ৩৬ কোটি ৪০ লাখ রুপিতে নেমে আসে। ফলে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও সিনেমাটি বক্স অফিসে কতটা দীর্ঘস্থায়ী সাফল্য পাবে, সেটিই এখন দেখার বিষয়।
গীতু মোহনদাস পরিচালিত অ্যাকশন থ্রিলারধর্মী ‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। সিনেমাটির গল্প অপরাধজগতের উত্থান, ক্ষমতার লড়াই ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত।
মুক্তির পর দর্শকদের একাংশের অসন্তোষ যেমন সিনেমাটিকে আলোচনায় এনেছে, তেমনি প্রথম দিনের শতকোটি রুপির বেশি আয়ও যশের তারকাখ্যাতি ও বক্স অফিস ক্ষমতার নতুন প্রমাণ দিয়েছে। এখন সমালোচনার চাপ সামলে ‘টক্সিক’ শেষ পর্যন্ত কতটা ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারে, সেই দিকেই নজর চলচ্চিত্র অঙ্গনের।
আপনার মতামত লিখুন :